গানের জগতে এক যুগেরও বেশি সময় ধরে সফল পদচারণার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেলেন জনপ্রিয় গীতিকার রেজাউর রহমান রিজভী। গীতিকার হিসেবে তিনি এবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সম্মাননায় ভূষিত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিজভীর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সম্মাননা গ্রহণ করে রিজভী বাচসাস পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সৃষ্টিশীল কাজের এই মূল্যায়ন ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৩ সালে রাকিব মোসাব্বিরের কণ্ঠে “সুখ পাখি” গানের মাধ্যমে গীতিকার হিসেবে রিজভীর আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ এই পথচলায় এপার ও ওপার বাংলার শতাধিক স্বনামধন্য শিল্পী তাঁর লেখা গান গেয়েছেন। সাংবাদিকতা, অভিনয়, নাট্যরচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি বেশ সমৃদ্ধ। ২০১৮ সালে তাঁর লেখা ৫৪টি গান নিয়ে ‘আমার গানের খাতা’ নামক গ্রন্থ প্রকাশিত হয়। বর্তমানে তিনি ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

