চার বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর-ময়েনদিয়া সড়ক। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি ও কাদা জমে সৃষ্টি হচ্ছে চরম ঝুঁকি, যার ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।
সোমবার (৩১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, যোগারদিয়া বটতলা মেইন রোড সংলগ্ন অংশের অবস্থা সবচেয়ে নাজুক। খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে যানবাহনগুলোকে উল্টো পথে বা মাঝরাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বৃষ্টির পর পানি জমে যাওয়ায় চালক ও পথচারীরা গর্ত চিহ্নিত করতে পারছেন না।
সালথা ও বোয়ালমারী—দুই উপজেলাকে যুক্তকারী এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন চলাচল করে। তবে রাস্তার দুরবস্থার কারণে বর্তমানে ভারি যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। সড়কটিতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় কোমলমতি শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় ব্যবসায়ীদের মালামাল পরিবহনে সময় ও খরচ দ্বিগুণ বেড়েছে।
স্থানীয় ব্যবসায়ী আজিজাল মোল্যা ও সেকেন্দার মাস্টার দ্রুত সড়কটি সংস্কারের আকুল আবেদন জানিয়েছেন। এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের জন্য একটি নতুন প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

