ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সুমন হোসেন নামে দুই সন্তানের জনক এক যুবককে আটক করে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানোর ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুমন হোসেন উপজেলার মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি বেশ কিছুদিন ধরে মাদ্রাসার ছাত্রীদের যাতায়াতের পথে অশালীন অঙ্গভঙ্গি ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সুমন মাদ্রাসার সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করলে গ্রামবাসী তাকে আটক করে মাদ্রাসায় নিয়ে যায়। পরে তার বাবা, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সেখানে ডেকে আনা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর তাকে গলায় জুতার মালা পরিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। পরে তাকে গ্রাম ঘোরানো হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাদ্রাসার শিক্ষক সামাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ওই যুবককে গ্রামবাসী ধরে মাদ্রাসায় নিয়ে আসে। উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে রক্ষা করতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়।
কাষ্টভাঙা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে তিনি মাদ্রাসায় যান। স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী ওই যুবককে জুতার মালা পরিয়ে বের করা হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রামবাসী ওই যুবককে মাদ্রাসায় নিয়ে আসে। পরে তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হলে গ্রামবাসী তাকে জুতার মালা পরিয়ে মাদ্রাসা থেকে বের করে দেয়।
তবে অভিযুক্ত সুমন হোসেন ও তার পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

