মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের (৪৭) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রায়ের পর আছিয়ার মা আয়েশা আক্তার কান্নাজড়িত কণ্ঠে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত হিটু শেখের ফাঁসি কার্যকর না হবে, ততক্ষণ তাদের মনে শান্তি ফিরবে না। একই সাথে তিনি পরিবারের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সরকারের সহযোগিতা দাবি করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। বোন জামাইয়ের বাবা হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। গুরুতর অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র ১৩ কার্যদিবসে বিচার শেষ করে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন এবং অপর তিন আসামিকে খালাস দেন। বিচারিক আদালতের সেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে হাইকোর্ট সোমবার তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখলেন।

