দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২৮ নম্বর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুন এবং যমুনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল। অনুষ্ঠানে ধনবাড়ীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, ১৯৯০ সালের ৩১ মে সিলেটের বালাগঞ্জের হরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৯৫ সালে তিনি মধুপুরের বেরিবাইদ বিদ্যালয়ে স্থানান্তরিত হন। এরপর আমবাড়ীয়া ও ১৯৯৭ সাল থেকে হাজরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে হাজরাবাড়ী স্কুলে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান এবং ২০১৬ সালের ৩১ মার্চ বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়ে সেখান থেকেই অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।
অনুষ্ঠানে শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শেষে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।

