রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের মিলনায়তনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট, ২০২৬) প্রতিবারের মতো ইকেআর ফাউন্ডেশনের আয়োজনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
চলতি বছর উক্ত প্রতিষ্ঠান থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বিভাগীয় সম্পাদক (অনুশীলন) চন্দন কুমার বর্মণ। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। মা-বাবা, সমাজ ও দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। আগামী দিনের প্রতিটি পরীক্ষায় এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি এবং মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে হবে। লক্ষ্য নির্ধারণের পাশাপাশি ডিবেটিং, স্কাউটিং ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের পার্সোনাল প্রোফাইল সমৃদ্ধ করতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান আসাদ সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিব্যক্তি প্রকাশ করেন। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি উত্তীর্ণদের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

