বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দল ঘোষিত দেশব্যাপী ‘৬ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এ সময় আহ্বায়ক কমিটির সদস্য ইফতে খাইরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণকালে ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আমরা ক্যাম্পাসে এই চারা রোপণ করেছি।”
আহ্বায়ক কমিটির সদস্য ইফতে খাইরুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই আমাদের এই প্রয়াস। নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

