বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌত্ব রক্ষাকে মূল চেতনা হিসেবে ধারণ করে দলটি গঠিত হয়েছিল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
কর্মসূচির পরবর্তী অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ ও সুবিধাজনক সময়ে জেলা-মহানগর পর্যায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

