দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং র্যাগিংবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বাশারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন। এছাড়া শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, শ্রেণিকক্ষের বাইরেও মেধার বিকাশ ঘটানো সম্ভব। সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনের পাশাপাশি ছাত্রদলের মতো ছাত্রসংগঠনেও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।
ইউট্যাব কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, শিক্ষা, অভিজ্ঞতা ও নেতৃত্বদানের সক্ষমতা একজন ব্যক্তিকে প্রকৃত নেতা হিসেবে গড়ে তোলে। মেধার বিকাশে কর্মশালার পাশাপাশি বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজনও গুরুত্বপূর্ণ।
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, ক্যাম্পাসে মাদক ও র্যাগিং নিয়ে প্রায়ই আলোচনা হয়। ছাত্রদলের এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সমস্যা কমে আসবে বলে আশা করা যায়।
ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ছাত্রদলের সঙ্গে যুক্ত হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও নেতৃত্বের প্রতি মনোযোগী হতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি প্রতি মাসে অন্তত একটি হলেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করাই কর্মশালার অন্যতম উদ্দেশ্য। মাদক ও র্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।

