মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরিহিত অবস্থায় খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। অপেক্ষাকৃত অনেক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হওয়া এই নারী পুরস্কার হিসেবে পাওয়া তিন হাজার রুপি মেয়ের শিক্ষা খাতে ব্যয় করার কথা জানিয়েছেন।
ভারতের মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাই এলাকায় স্থানীয় ‘ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থা’র খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ শিরোনামের এই ম্যারাথনের আয়োজন করা হয়। ম্যারাথনটি আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয়।
প্রতিযোগিতায় অংশ নিতে রমাবাই সাধারণ শাড়ি ও পায়ে চপ্পল পরে হাজির হন। তবে দৌড় শুরু হওয়ার পর পায়ে থাকা চপ্পল বারবার খুলে যেতে থাকলে তিনি তা খুলে হাতে তুলে নেন এবং খালি পায়েই দৌড় চালু রাখেন। অসমতল ও রুক্ষ রাস্তার বাধা অতিক্রম করে একে একে সব তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি ফিনিশিং লাইনে পৌঁছান।
রমাবাইয়ের এই অদম্য মানসিকতায় উপস্থিত দর্শক ও আয়োজকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তানদের প্রতি মায়ের ত্যাগ ও একাগ্রতার দৃষ্টান্ত তৈরি করায় স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।

