রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
সকালে রাঙামাটি ফায়ার সার্ভিস ঘাটে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ে দলীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
বিকেল সাড়ে ৪টার দিকে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিএনপির জন্য আজকের দিনটি মহান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিএনপি ভবিষ্যতে নেতৃত্ব দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

