দীর্ঘ সাড়ে ৪ মাসের আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে নিজ দেশে ফিরছে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ। ঝিনাইদহ জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে লাশটি তাঁর লন্ডন প্রবাসী ভাই ইমাল মোহাম্মদীর কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিমের উপস্থিতিতে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনার ভিত্তিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে। প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশটি সোপর্দ করা হয়। হস্তান্তরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান নিশ্চিত করেন যে, সব ধরনের আইনি ও প্রশাসনিক বিধিমালা অনুসরণ করেই এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ১৩ এপ্রিল ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্তে ইচ্ছামতী নদী থেকে অজ্ঞাতপরিচয় অবস্থায় হাসমত মোহাম্মদীর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। সে সময় পরিচয় নিশ্চিত না হওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ঝিনাইদহ পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি দেখে পরিচয় শনাক্ত করে স্বজনরা লাশ ফেরত পেতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করেন।

