বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করে বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এই খাত থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। যারা এ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল, তারা অপরাধ আড়াল করতে বিদেশ পালিয়ে গিয়ে সেই পাচার করা অর্থ ভোগ করছে, যার মাশুল আজ সাধারণ জনগণকে জ্বালানি সংকটের মাধ্যমে দিতে হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি হওয়া এই গভীর জ্বালানি সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী দেড় বছরেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
বিএনপির অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৮ বছরের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তখনই জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য দলের অগণিত নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত শাসনামলে কৃষি, শিল্প, প্রবাসী আয় বৃদ্ধি ও খাল খনন কর্মসূচির মাধ্যমে শক্তিশালী অর্থনীতির মূল ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া দেশের মানুষকে সংগঠিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
সামগ্রিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য, ধৈর্য ও সততার সাথে কাজ করার আহ্বান জানিয়ে আলোচনা সভা শেষে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং পায়রা ও বেলুন উড়ানো হয়।

