ময়মনসিংহের ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকেরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় আধা ঘণ্টা কাকচর রোডের মাথায় গাড়ি থামিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
অবরোধের ফলে মহাসড়কের পূর্বপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
সিএনজি চালকদের অভিযোগ, স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। নামমাত্র গ্যাস সরবরাহের কারণে এক-দুইবার চাপ দেওয়ার পরই গ্যাস শেষ হয়ে যায়। অথচ গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
ত্রিশাল থানার এসআই তালেব জানান, কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। তিনি ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

