জ্বালানি সংকট নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট সৃষ্টি করেনি বরং পূর্ববর্তী সরকারের সময় জ্বালানি খাতে নানা সংকট ও অনিয়মের প্রভাব এখনো বহন করতে হচ্ছে। তিনি জানান, সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনে নতুন উৎস থেকেও আমদানি করা হবে।
তিনি আরও বলেন, বিরোধীদল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গঠনমূলক রাজনীতি করতে হলে সংসদে ফিরে আসতে হবে। একই সঙ্গে তিনি দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

