তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন করেছেন হাজারো মানুষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ধূলিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। নদীভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তারা। মানববন্ধনে উপস্থিত ইব্বাহিম বলেন, তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙনে প্রতিদিনই মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভাঙনের সঙ্গে লড়াই করে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ধূলিয়া ইউনিয়নের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
বক্তারা বলেন, নদীভাঙনের কারণে শুধু বসতভিটাই নয়, কৃষি, শিক্ষা ও স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জনপদ রক্ষায় দ্রুত স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
এ সময় পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণের দাবিও তুলে ধরেন আন্দোলনকারীরা। তাদের দাবি, তেঁতুলিয়া নদীর ওপর সেতুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশাল, পায়রা বন্দর ও বাকেরগঞ্জের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য দেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, তেঁতুলিয়া নদীর ভাঙন দীর্ঘদিনের সমস্যা। মানুষের বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। একই সঙ্গে পটুয়াখালী-ভোলা সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মানববন্ধনে বিএনপির সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. তছলিম উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ, জামায়াতের উপজেলা আমির মাও. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খালিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহ্বায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে আন্দোলন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ করতে পটুয়াখালী-ভোলা সেতু এবং তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে জনপদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

