ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারেননি সহশিল্পী ও দর্শকরা। বিশেষ করে সালমান শাহ ও শাবনূর জুটির পর্দার রসায়ন আজও দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে আছে। প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় সালমান শাহকে স্মরণ করেছেন চিত্রনায়িকা শাবনূর।
সালমান শাহকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই।’ তিনি আরও বলেন, এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহর স্মৃতি তার হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র ও মানুষের ভালোবাসার স্বপ্নের নায়ক আজও সবার স্মৃতি ও ভালোবাসায় বেঁচে আছেন।
সালমান শাহর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি বলেও উল্লেখ করেন শাবনূর। তার ভাষায়, সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে; কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া এখনো মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।
প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শাবনূর বলেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো চলচ্চিত্র অঙ্গনে। তিন দশক পরও তার অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের আবেদন নতুন প্রজন্মের কাছেও অমলিন। সহশিল্পী ও ভক্তদের স্মৃতিচারণায় বারবার ফিরে আসেন অকালপ্রয়াত এই স্বপ্নের নায়ক।

