পেশাগত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বিএনএসকে আয়োজিত ‘গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাসিমুন আরা হক মিনু বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে নারী সাংবাদিকরা আজকের অবস্থানে পৌঁছেছেন। কর্মক্ষেত্র, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রেই একজন নারী সাংবাদিককে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয়। এসব প্রতিকূলতা থেকে অভিজ্ঞতা অর্জন করে তা কর্মদক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নারী সাংবাদিকদের পরস্পরের পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে পারলে বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।
এ সময় যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও প্রবীণ নারী সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনএসকে সভাপতি। শোক প্রস্তাবে নারী অধিকার আন্দোলনে তার দীর্ঘ সংগ্রাম, ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আলোচনা সভায় জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ, বর্তমান পরিস্থিতি এবং পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তারা কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক হয়রানি, চরিত্রহনন, চাকরির অনিশ্চয়তা, আর্থিক নিরাপত্তাহীনতা ও পেশাগত ঝুঁকিসহ নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, সাহস ও দৃঢ়তার সঙ্গে যারা প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন, তাদেরই সাংবাদিকতা পেশায় আসা উচিত।
দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সিনিয়র সাংবাদিক লায়লী বেগম বলেন, কুড়িগ্রামে ইট চুরির প্রতিবেদনসহ বিভিন্ন অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে তাকে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে।
ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, সরকার বা পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার জায়গা অটুট রেখে কাজ করে যেতে হবে।
উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশ (ডাব্লিউজেএনবি)-এর সমন্বয়কারী এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শেখার আগ্রহ ও মেধা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তায় একটি সমন্বিত তথ্যভান্ডার বা ডাটাবেজ তৈরিরও আহ্বান জানান তিনি।
সভায় বিএনএসকের সহ-সভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথ, রূপম আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় নারী সাংবাদিকদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ মৌলিক শ্রম ও কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করা এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও তরুণ নারী সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

