গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ঢাকাগামী বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে এটি ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

