রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে তার। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান।
সফরসূচি অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর নিজ বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং রাতে সেখানেই অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

