সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আহত আলতাফ হোসেন ও আরিফুল ইসলামকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুলের চিকিৎসা চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে একজন এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গাড়ি পার্কিং নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই আলতাফ হোসেন ও তার ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসবির সাভার জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজার এলাকায় তার একটি জায়গা রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

