আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ছাই ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ায় আটটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১ হাজার ৫৫৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
রোববার বিমানবন্দরগুলোর কাছাকাছি আকাশসীমায় আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির ছাই শনাক্ত হওয়ার পর জাকার্তার সুকর্ণ-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার গভীর রাতে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর ভূকম্পন, লাভা উদগিরণ ও বিকট শব্দ শোনা যায়। রোববার ভোরেও আরও দুবার অগ্ন্যুৎপাত ঘটে।
অগ্ন্যুৎপাতের কারণে সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই জাভা অঞ্চলে প্রায় ২০ হাজার ফুট এবং সুমাত্রার দিকে ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
ছাইয়ের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

