দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সরকারি সফর। দুদিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুদিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেন। সেখানে তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ, বিমানবন্দর চালু এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের কথা তুলে ধরেন।
এ সময় তিনি তরুণদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি হানাহানি ও সংঘর্ষের পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

