চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ছবির সঙ্গে নায়িকার দেওয়া রহস্যময় ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও মা হয়েছেন পরীমণি?
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরা পরিপাটি সাজে রয়েছেন এই অভিনেত্রী। তার কোলে রয়েছে একটি সদ্যোজাত শিশু।
ছবিটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ নায়িকার এমন পোস্টের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীদের ভিড় জমে যায়। অনেকেই তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় জানতে চান।
পরীমণি বরাবরই শিশুদের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার বিশেষ অনুরাগ রয়েছে। এর আগে একাধিকবার তিনি জানিয়েছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান। এমনকি মজা করে কখনো ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছেন।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন পরীমণি। কয়েক বছর পর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি সন্তানদের জন্যও সময় দেন তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
তবে নতুন ছবিতে সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে পরীমণির উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। অনেকেই ধারণা করছেন, এবার হয়তো আরও একটি সন্তান দত্তক নিয়েছেন তিনি।
শিশুটির পরিচয় ও ফেসবুক পোস্টের ক্যাপশনের বিষয়ে জানতে পরীমণির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রসঙ্গটি তোলার আগেই তিনি কলটি কেটে দেন। ফলে শিশুটিকে ঘিরে তৈরি হওয়া রহস্য আরও ঘনীভূত হয়েছে।
এখন পর্যন্ত শিশুটি পরীমণির নিজের সন্তান নাকি নতুন করে দত্তক নেওয়া—এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে নেটিজেনদের কৌতূহলও রয়ে গেছে আগের মতোই।

