ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক। ভুক্তভোগী তিন শিক্ষার্থী ওই মাদ্রাসার আবাসিক ছাত্র।
পুলিশ জানিয়েছে, মাদ্রাসাশিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গত কয়েকদিনে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় এলে তার কাছে ভুক্তভোগী এক শিক্ষার্থী বিষয়টি জানায়। পরে দাদা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর মাদ্রাসায় এসে ওই শিক্ষকের ওপর চড়াও হন।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর মাদ্রাসা থেকে আবুল বাশারকে আটক করে। পরে রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন। এ সময় পুলিশ শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে।
ওসি মেহেদী হাসান জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবুল বাশারকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা কোনো অভিভাবকের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
তবে আবুল বাশারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

