দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা ছিল। এতে শহর ও গ্রামের পথঘাট আবছা হয়ে যায়। কমে যায় যানবাহনের গতি। চালকদের অনেকেই হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা তারা আগে দেখেননি। ভোরে কুয়াশার ঘনত্ব দেখে অনেকে শীতের আগমনের কথা ভাবলেও তখন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনো দেখিনি।”
অটোচালক আব্দুর রহিম বলেন, “সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টিও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।

