ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আখ সেন্টার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্টেশন মাস্টার আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

