চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
জিয়াংশি প্রদেশের সুয়িচুয়ান কাউন্টিতে কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের কারণে এই বিপর্যয় ও ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। এতে বিভিন্ন এলাকায় কাদা ও ভূমিধসের সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে চীনের বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় জিয়াংশি প্রদেশে ভারী বৃষ্টির পর এই ভূমিধসের ঘটনা ঘটল।
সূত্র: আনাদোলু এজেন্সি

