সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান।
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের মোক্তারপাড়া কালেক্টরেট স্কুল মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা।
অভিযানের অংশ হিসেবে স্কুলের আশপাশে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই আমাদের প্রধান হাতিয়ার’—এই স্লোগানকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মশক নিধন স্প্রে করেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। একই সঙ্গে পরিবার ও আশপাশের মানুষকে ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান তারা।
ডেঙ্গু সম্পর্কে তথ্য ও পরামর্শের জন্য স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা জানান, পর্যায়ক্রমে শহরের প্রতিটি প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সড়কের ফুটপাতগুলোও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরো নেত্রকোনা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পৌরসভা কাজ করছে।

