রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে অবৈধভাবে পার্ক করা বাস সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টার্মিনালের সামনে সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।
শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা এলাকাতেও ছড়িয়ে পড়ে। ফলে এসব সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পুলিশ জানায়, মহাখালীতে পড়ে থাকা বাসগুলো পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ সম্প্রতি শুরু হয়েছে। এ নিয়ে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। শ্রমিকদের অভিযোগ, টার্মিনালের বাইরে বাস পাওয়া গেলেই ডাম্পিং ও জরিমানা করা হচ্ছে এবং তারা পুলিশের হয়রানির শিকার হচ্ছেন।
শ্রমিকদের দাবি, পূর্বাচলে বাস রাখার স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা নেই। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

