‘শিল্প ও সংস্কৃতিচর্চাই আমাদের লক্ষ্য’ এবং ‘সংস্কৃতি একটি জাতির অতীত ও ভবিষ্যতের কথা বলে’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে মাদকবিরোধী আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন।
শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স সোহাগের সার্বিক তত্ত্বাবধানে এবং কল্পনা মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়েল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার থেকে সচেতনতা তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ব্যক্তি, পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল বারী এবং সারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক (মার্কেটিং) শেখ মো. শাহ কামাল (শ্যামল)।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, ব্যবসা ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন গুণীজনকে ‘সোনার বাংলা সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সম্মাননা পাওয়া গুণীজনেরা বলেন, এ স্বীকৃতি তাঁদের আগামী দিনে সমাজ ও দেশের জন্য আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে মিলনায়তন।

