সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ইংলিশ কার্নিভাল-২০২৬’। শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কার্নিভালে ছিল নানা আকর্ষণীয় আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার বেলুন ও পায়রা উড়িয়ে ইংলিশ কার্নিভাল-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইক বাণ ফুল আছি
দিনব্যাপী এ আয়োজনে প্রায় ২০টি আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার বিভিন্ন দক্ষতা কথোপকথন, শব্দভান্ডার, উচ্চারণ, সৃজনশীলতা, উপস্থাপনা ও ব্যবহারিক ইংরেজি চর্চার সুযোগ তৈরি করা হয়। আনন্দ, বিনোদন ও শিক্ষার সমন্বয়ে সাজানো স্টলগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সারাদিনব্যাপী বিভিন্ন আকর্ষণীয় সেগমেন্ট ও প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ফেরদৌস হোসেন রনি-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষাবান্ধব আয়োজন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে ইংরেজি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের উদ্যোগে আয়োজিত এই ইংলিশ কার্নিভাল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। শিক্ষা, সৃজনশীলতা ও বিনোদনের সমন্বয়ে আয়োজিত এ কার্নিভাল শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে একটি আনন্দময়, শিক্ষণীয় ও স্মরণীয় দিন।

