জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা কোন ডিসেম্বরের কথা উল্লেখ করে বলেছেন, তা স্পষ্ট করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ‘এ রকম ডিসেম্বর আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের ডিসেম্বর, নাকি ২০৫০ সালের ডিসেম্বর—এটা পরিষ্কার করুন।’
তিনি আরও বলেন, হুমকি-ধমকি দিয়ে গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণের ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।
শেখ হাসিনার উদ্দেশে দুলু বলেন, তিনি কোন বর্ডার দিয়ে দেশে আসবেন, সেটিও ঘোষণা করা উচিত। জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারগুলো বিচারের অপেক্ষায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচার হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হবে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে দুলু বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে দীর্ঘ সময় কাজ করছেন। তিনি প্রটোকল কমিয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যহীনভাবে চলার চেষ্টা করছেন বলেও দাবি করেন।
তিনি বলেন, কৃষকদের জন্য নির্দিষ্ট পরিমাণ কৃষিঋণ মওকুফ, কৃষক কার্ড ও অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার উদ্যোগও সরকারের সাফল্যের অংশ বলে উল্লেখ করেন তিনি।
দুলুর দাবি, গত ছয় মাসে কোনো ব্যক্তি গুম হননি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো বা আটকে রেখে গুম করার ঘটনাও ঘটেনি। গ্যাস, বিদ্যুৎসহ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করে দেশে একটি সুন্দর গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গ টেনে তিনি দলটির একটি মিছিল নিয়েও সমালোচনা করেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহমুদা হাবীবা বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে ২৫ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণের সুদের চাপ কমাতেও সরকার কাজ করছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেস দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নাদিরুজ্জামান মন্ডলসহ অন্যরা।

