ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ল’ অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজমেরী রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম রাশেদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. হিতুয়ারা খাতুন ও সাহারা আক্তার সিঁথি। সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস বর্ষা, দপ্তর সম্পাদক তাহিয়া সুলতানা নাদিয়া, সহ-দপ্তর সম্পাদক মুক্তা খাতুন, অর্থ সম্পাদক সুমি আক্তার, সহ-অর্থ সম্পাদক জিন্নাত আলভী, প্রচার সম্পাদক হুমাইরা আছিয়া প্রীতি এবং সহ-প্রচার সম্পাদক সিনথিয়া সিরাত দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশাত নাবিল্লাহ প্রাপ্তি, ইসরাত জাহান ও হাবিবা আক্তার সিনথিয়া।
দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে হলের বিতর্কচর্চাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করাই তাঁর মূল লক্ষ্য। সবার সহযোগিতায় হল ডিবেটিং সোসাইটির নতুন যাত্রা আরও দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতি আজমেরী রহমান বলেন, হল ডিবেটিং সোসাইটিগুলো বিতর্ক অঙ্গনে যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরির ভিত্তি হিসেবে কাজ করে। নিয়মিত সেশন ও বিভিন্ন বিতর্ক কার্যক্রমের মাধ্যমে হলে ভালো বিতার্কিক তৈরি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে তাঁদের পরিচিত করে তোলার চেষ্টা করবেন তিনি। একই সঙ্গে হলের বিতর্কচর্চার সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আজমেরী রহমান।

