অপরাধের ধরন পরিবর্তিত হলেও সেই অনুযায়ী পুলিশকে এখনো প্রয়োজনীয়ভাবে আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধ ও তদন্তে এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু সে অনুযায়ী পুলিশের সক্ষমতা এখনো গড়ে তোলা সম্ভব হয়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সাইবার অপরাধ শনাক্তকরণ, তদন্ত এবং ডিজিটাল তথ্য বিশ্লেষণে পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে।
ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্রাইম রিপোর্টারদের কাজই অনেক ক্ষেত্রে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করা। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্টিং করছেন, তাদের জন্য ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।
আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইনে অনেক ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা পরে জামিনে বেরিয়ে আসেন। তাই অপরাধের ধরন ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় আইন সংশোধন করা দরকার।
যুবসমাজের বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক অপরাধের সঙ্গেই জুয়া ও মাদকের যোগসূত্র রয়েছে। তাই অপরাধ নিয়ন্ত্রণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নিলেই হবে না। গবেষণার মাধ্যমে আগে জানতে হবে কেন অপরাধ সংঘটিত হচ্ছে। এরপর অপরাধের মূল কারণ চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

