নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পরদিনই তিনি সংসদ অধিবেশনে যোগ দেন।
ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিলেও অসুস্থতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের আগের কোনো অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি।

