আট দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমাবেশ শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।
এর আগে সকাল ৭টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
সমাবেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আট দফা দাবিতে আমাদের লংমার্চ। সরকার যদি দাবি পূরণ করতে না পারে তাহলে সেটি নয় দফা, ১০ দফা আবার এক দফাতেও রূপান্তরিত হতে পারে। পরিস্থিতি তখন ভয়াবহ হবে।’
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি মানবাধিকার, গণতন্ত্র ধ্বংস করছে। অতীতে একই কাজ করে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। এখন তারেক রহমানকে যাবার রাস্তা তাকে ঠিক করতে হবে। হেলিকপ্টারে যাবেন নাকি সম্মানজনক পদত্যাগ করবেন।’
বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘তাতে লাভ হবে না। আমাদের দাবি এক দফায় ঠেকবে।’
এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, ‘বিএনপির ঘরে ঘরে এখন কান্নার রোল পড়ে গেছে।’
মামুনুল হক বলেন, ‘বিরোধী দল দায়িত্বশীল আচরণ করছে। আমরা হরতাল না করে লংমার্চ করছি। দেশের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ১১ দল।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা।
লংমার্চের পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হওয়ার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

