রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান প্রফেসর বুলবুল আহমেদ। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩২(১) ধারা অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য প্রফেসর বুলবুল আহমেদকে সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
এর ধারাবাহিকতায়, আনুষ্ঠানিকভাবে প্রফেসর বুলবুল আহমেদকে সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো. মোস্তফা হোসেন, রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা, অর্থ পরিচালক মো. মেসবাউল হোসেন, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, অডিট বিভাগের পরিচালক মো. তারেক মাহমুদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সিআরটিসির অতিরিক্ত পরিচালক মো. আবু হানিফ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মো. শরিফুল ইসলাম এবং জনসংযোগ বিভাগের প্রধান নাহিদ হাসান।

