১২০ মিনিটে গোল নেই, টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন
১২০ মিনিটের লড়াইয়েও কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে ৪–৩ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে স্পেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা না মেলায় ম্যাচের ভাগ্য নির্ধারণে পেনাল্টি শুটআউটের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে স্পেনের হয়ে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক লাইয়া লোপেজ। তিনি উত্তর কোরিয়ার দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে শুটআউট জিতে চ্যাম্পিয়ন হয় স্পেন।
এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। এবার উত্তর কোরিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই ট্রফি ঘরে তুলল দলটি।
গত এক দশকে নারী ফুটবলের বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে স্পেন। এ সময়ে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি সিনিয়র নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে।

