কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সম্ভাব্য আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং গ্যাং সদস্যদের তৎপরতা রয়েছে—এমন চিহ্নিত পয়েন্টগুলোতে সমন্বিতভাবে তল্লাশি চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ৪১৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ।
এর আগে, কুমিল্লায় গত বুধ ও শনিবার রাতে একই ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে ৮৭৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৮১ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণতা কমানো এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

