লালমনিরহাটের পাটগ্রামে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িমারী স্থলবন্দরের পাশের ঘুন্টি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মজিদ কারিগরের ছেলে মাছ ব্যবসায়ী নুর আমিন (৩৫) এবং বুড়িমারী বাজারের হাফিজার রহমানের ছেলে ফাতুল (৩৫)। তারা দুজনই মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিহত অপর ব্যক্তি বুড়িমারী গুডিয়াটারী এলাকার আবুল হোসেনের ছেলে সাইফুল (২৮)। তিনি অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ডাম্প ট্রাক। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

