দেশের গ্রন্থাগার আন্দোলনকে আরও সুসংগঠিত ও জোরদার করার প্রত্যয়ে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর লালবাগের গ্রন্থবিতান পাঠাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহনেওয়াজ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
গত ২২ আগস্ট রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত প্রথম জাতীয় সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আত্মপ্রকাশ ঘটে। এরই ধারাবাহিকতায় জাতীয় নির্বাহী পরিষদের প্রথম সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বেসরকারি গ্রন্থাগারগুলোর উন্নয়ন এবং সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গ্রন্থাগারগুলোর উন্নয়ন ও গ্রন্থাগারকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গ্রন্থাগারের জন্য সরকারি অনুদান বৃদ্ধি, লাইব্রেরিয়ানদের প্রতি মাসে ১০ হাজার টাকা সম্মানী প্রদানের উদ্যোগ, সরকারি রিডিং সোসাইটির কমিটিতে গ্রন্থাগার প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি এবং জাতীয় গ্রন্থাগার দিবসসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে গ্রন্থাগার ও পাঠকদের অংশগ্রহণ নিশ্চিত করা।
সভায় বক্তারা বলেন, একটি আলোকিত, জ্ঞানভিত্তিক ও পাঠাভ্যাসসমৃদ্ধ সমাজ গঠনে বেসরকারি গ্রন্থাগারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের গ্রন্থাগার আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের গ্রন্থাগারগুলোর উন্নয়ন, পাঠক সৃষ্টি এবং পাঠাভ্যাস গড়ে তোলার কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি গ্রন্থাগারকে আরও সংগঠিত করে গ্রন্থাগার আন্দোলনকে শক্তিশালী করার পাশাপাশি পাঠকবান্ধব সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় সভায়।

