প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। এ লক্ষ্যে লটারির পরিবর্তে পুনরায় ভর্তি পরীক্ষার ব্যবস্থা বহাল রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন তারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘ফরিদপুরের সর্বস্তরের অভিভাবক’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা থাকা জরুরি। এর মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ তৈরি হবে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি অভিভাবকদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে ভর্তি পরীক্ষা বহাল রাখা হলে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে উঠবে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে লটারি প্রথা বাতিল ও ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখারুল করিম, নাফিজা হাসান, তাসলিমা আক্তার লাকি, নুসরাত জাহান, মরিয়ম আক্তার, শারমিন আক্তার, আজম খান ও শোভা ইসলামসহ স্থানীয় আরও অনেকে।

