ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ ও তাঁর বৃদ্ধা মায়ের ওপর হামলার ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফির উদ্দীনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১ টায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফির উদ্দীন এবং আইনুল হক।
এর আগে গত মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাজারের কাছে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুজ্জামান চৌধুরীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মাথা ফাটিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে রাশেদের মা সালেহা বেগমকেও অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে অভিযুক্তরা। ঘটনার পর আহত মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ হামলার ঘটনায় রাশেদুজ্জামান চৌধুরী রাজনৈতিক বিরোধের অভিযোগ তুলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সফির উদ্দীনসহ ১৫–২০ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও সফির উদ্দীন মুঠোফোনে দাবি করেছিলেন, উল্টো তাঁর ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে এবং ৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী পীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত সফির উদ্দীন ও আইনুল হককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

