মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে দেওয়া পোস্ট সরিয়ে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ। বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি নিজের সেই পোস্টটি মুছে দেন।
পরবর্তী এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, একই ধরনের পোজের ছবি নিয়ে বিভ্রান্তির কারণেই তিনি কোন ছবিটি আসল, তা যাচাই করতে চেয়েছিলেন। তিনি লেখেন, ‘একই রকম পোজ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটার কারণে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম কোন ছবিটা আসল। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায় আমি আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।’
এর আগে আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। একই সঙ্গে তিনি কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর আরেকটি ছবি প্রকাশ করেন। ওই ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মানুষের সমান আকৃতির একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখা যায়। ছবি দুটি শেয়ার করে আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছিলেন, ‘এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কনফিউশন চলছে। কেউ ভ্যারিফাই করতে পেরেছেন? ফ্যাক্ট চেকারদের কি অবস্থা?’
তবে পরবর্তীতে একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদনে জানানো হয়, কসোভোর প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো ছবিটি মূল ছবি নয়; এটি একটি মিম হিসেবে সম্পাদনা করা হয়েছিল। ইন্টারনেটে প্রচলিত রসিকতা থেকে তৈরি ওই ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে বসানো হয়। প্রকৃতপক্ষে মূল ছবিতে ট্রাম্প সশরীরেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ওই অনুষ্ঠানের ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হলে আসিফ মাহমুদ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি পোস্টটি সরিয়ে নেন।

