দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বাদীপক্ষের আপসনামা ও আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান গাজী নজরুলের জামিন চেয়ে শুনানি করেন। এ সময় তিনি জামিনের বিষয়ে বাদীপক্ষের আপসনামা এবং গাজী নজরুলের অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। বাদীপক্ষের জামিনে আপত্তি নেই উল্লেখ করে তাঁকে জামিন দেওয়ার আবেদন করেন তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, মামলাটি অনাপোষযোগ্য ধারায় হওয়ায় আপসের সুযোগ নেই। মামলার তদন্ত এখনও চলমান। তদন্ত শেষ হওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা স্পষ্ট হবে।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, আপসনামায় থাকা আব্দুল হামিদ মামলার কোনো পক্ষ কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। বাদীসহ আব্দুল হামিদ মোড়লকে আটক করার আবেদনও করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘আপসের সুযোগ নেই। বাদী কেবল সংবাদদাতা। এ ধরনের মামলায় বাদীও আসামি হতে পারেন।’
পরে আসামিপক্ষের আইনজীবী বলেন, বাদীপক্ষ গাজী নজরুলের জামিনে আপত্তি করছে না। তদন্তেও তাঁর জামিনের বিষয়ে কোনো আপত্তি জানানো হয়নি। তাঁর স্ত্রী জামিন পেয়েছেন উল্লেখ করে গাজী নজরুলেরও জামিন মঞ্জুরের আবেদন করেন তিনি।
তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলাম ও তাঁর গাড়িচালক ওবায়দুরের জামিন আবেদন নামঞ্জুর করেন।

