ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কম্পন ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়ে পোস্ট করেন এবং অন্যরাও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কি না, তা জানতে চান।
দক্ষিণ দিল্লির সফদারজং এলাকার এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী জানান, ভূমিকম্পের সময় তিনি নিজের সোফা নড়তে দেখেছেন এবং স্পষ্টভাবে কম্পন অনুভব করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

