বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এবং এ ক্ষেত্রে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বুধবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘প্রত্যাবাসনের বিষয়টি একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে। আমরা আগেও বলেছি, এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।’
শেখ হাসিনার বিচারসংক্রান্ত নথিপত্র বাংলাদেশ ভারতকে দিয়েছে কি না এবং এসব নথি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি।
ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এই লক্ষ্যকে সামনে রেখেই দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পাওয়া গেছে এবং বিষয়টি ভারতের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।

