রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন ফরিদপুরের সালথার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাগবাড়িস্থ মসজিদে জানাজা শেষে স্থানীয় মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সালথা থানা-পুলিশ ও ফরিদপুর পুলিশ লাইন্সের একটি দল, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, প্রায় দেড় বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই অবস্থান করছিলেন। সুস্থ থাকাকালে সালথা সদর বাজারে ব্যবসা করতেন এই বীর মুক্তিযোদ্ধা।

