ঢাকার সাভারের হেমায়েতপুরে ফের সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। গাজীপুরেও দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে। তবে নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে শ্রমিকরা জড়ো হন। এ সময় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানায় সকালে শ্রমিকদের ভিড় দেখা যায়। অনেক শ্রমিক কাজে ফিরেছেন। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, গঠিত মজুরি বোর্ড নির্ধারিত সীমার মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সন্ধ্যা ৬টায় বৈঠকটি শুরু হয়।
আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।
মজুরি বোর্ডের এই বার্তা আন্দোলনরত শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।

